খেলা

কলম্বিয়াকে শেষ পর্যন্ত রুখে দিল দশজনের আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে হারতে হারতে শেষ পর্যন্ত রক্ষা পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে পিছিয়ে পড়া, খেলোয়াড় কমে যাওয়া, এমনকি লিওনেল মেসিকে বদলি করার পরেও হাল ছাড়েনি দলটি।

থিয়াগো আলমাদার দারুণ এক গোলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির দল।

বুয়েনেস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আজ শুরুটা ছিল আর্জেন্টিনার দাপুটে। মেসির নেতৃত্বে আক্রমণও ছিল ধারালো। তবে খুব দ্রুতই ম্যাচের চিত্র পাল্টাতে থাকে। বল দখলে পিছিয়ে থাকলেও প্রতি-আক্রমণে দারুণ সুযোগ তৈরি করতে থাকে কলম্বিয়া।

ম্যাচের ২৪ মিনিটেই গোলের দেখা পায় তারা। লিভারপুলের তারকা লুইস দিয়াজ কেভিন কাস্তানোর কাছ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে যান এবং তিন আর্জেন্টাইন ডিফেন্ডারের ভিড়ের মধ্য দিয়ে নেওয়া নিখুঁত শটে দলকে এগিয়ে দেন।

গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৩০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল তারা, তবে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। বিরতির আগে বেশ কয়েকবার চেষ্টা করেও কলম্বিয়ার জমাট রক্ষণের সামনে ব্যর্থ হয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে আর্জেন্টিনা। কিন্তু ৬৩ মিনিটে এনজো ফার্নান্দেজ একটি সহজ সুযোগ মিস করেন।

এরপর ৭০ মিনিটে ম্যাচে বড় এক ধাক্কা খায় আর্জেন্টিনা—কলম্বিয়ান মিডফিল্ডার কেভিন কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন এনজো, ফলে দলটি ১০ জনে নেমে যায় আর্জেন্টিনা দল।

১০ জনের দল, স্কোরলাইনও পিছিয়ে—তার মাঝেই কোচ লিওনেল স্কালোনি একটি সিদ্ধান্ত নেন। ৭৭ মিনিটে তুলে নেন দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে। তার পরিবর্তে মাঠে নামেন এজেকিয়েল পালাসিওস।

মেসিহীন দল নিয়ে যখন ম্যাচে ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছিল, তখনই ৮১ মিনিটে দারুণ এক শটে গোল করেন থিয়াগো আলমাদা। তার এই গোল আর্জেন্টিনাকে এনে দেয় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।

শেষ দিকে গোল করার চেষ্টা চালিয়ে যায় কলম্বিয়াও। ৮৬ মিনিটে একটি সুযোগ তৈরি করলেও পোস্টে লেগে বল ফিরে আসায় জয় অধরাই থেকে যায় তাদের জন্য।

ফলাফল ১-১ গোলে ড্র হলেও ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। হার থেকে বাঁচা, মেসির বদলি হওয়া, লাল কার্ড—সব মিলিয়ে এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল আর্জেন্টিনা সমর্থকদের জন্য।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *