বিশ্ব

অল্পের জন্য রক্ষা প্রায় ৩০০ বিমানযাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী। অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর যাত্রীদের দ্রুত নামিয়ে নেওয়া হয়। খবর বিবিসির।

কর্তৃপক্ষ জানায়, অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে থাকাকালীন ডেল্টা ফ্লাইট ১২১৩ বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়।

বিমানটি ডিজনিওয়ার্ল্ডের আবাসস্থল হিসেবে পরিচিত অরল্যান্ডো থেকে প্রায় ২৯৪ জন যাত্রী-ক্রু নিয়ে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ডানপাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বের হচ্ছে এবং যাত্রীরা জরুরি স্লাইডে বিমানটি থেকে নামছেন। তবে শেষপর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ একটি পোস্টে জানিয়েছে, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান উদ্ধারকারী ও অগ্নিনির্বাপক দল তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিবিএস নিউজকে এক বিবৃতিতে ডেল্টা জানিয়েছে, ডেল্টার এয়ারবাসটিতে ২৮২ জন যাত্রী, ১০ জন বিমানবালা এবং দুইজন পাইলট ছিলেন।

বিমান সংস্থাটি জানিয়েছে, বিমানের দুটি প্রধান ইঞ্জিনের একটিতে আগুন লাগার পর ক্রুরা কেবিনটি সরিয়ে নেয়। আমরা আমাদের গ্রাহকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ এবং এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী।

ডেল্টা আরও বলেছে, মানুষের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই এবং ডেল্টা টিম আমাদের যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই ঘটনাটির তদন্ত করা হবে। কেননা, চলতি বছর উত্তর আমেরিকায় বেশ কয়েকটি হাই-প্রোফাইল বিমান চলাচলের ঘটনা ঘটেছে।

গত ১৭ ফেব্রুয়ারি টরন্টোতে অবতরণের সময় ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান উল্টে যায়। তবে কোনোরকম প্রাণে বেঁচে যান ৮০ জন যাত্রী।

মিনিয়াপলিস থেকে আসা বিমানটি রানওয়ে ধরে এগিয়ে যাওয়ার সময় পিছলে যায় এবং আগুন ধরে গিয়েছিল।

এর আগে ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান বিমানবন্দরের কাছে মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমান এবং একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *