দেশজুড়ে

এক বাড়িতেই চার মরদেহ, পাওয়া গেল চিরকুট-কি লেখা তাতে?

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে ওই বাড়ি থেকে তাঁদের মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম (৩০), স্ত্রী সাধিনা বেগম (২৮) এবং তাঁদের ছেলে মাহিম (১৩) ও দেড় বছরের মেয়ে মিথিলা। মাহিম খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।

মতিহার থানার সহকারী উপপরিদর্শক কালাম পারভেজ জানান এসময় বাড়িটি থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে নিজেদের মৃত্যুর কারণ হিসেবে ঋণের দায় ও খাওয়ার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।

চিরকুটে লেখা হয়েছে, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ, ছেলে, মেয়ে কার আশায় বেঁচে থাকবে।

কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভাল হলো।’

এতে আরও লেখা হয়েছে, ‘আমার জন্যে কাওকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য মানুষের কাছে অনেক লোকের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চির দিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভাল থাকবেন।’

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *