উপজেলা

ফটিকছড়িতে কিশোরকে পিটিয়ে হত্যা, আহত ৩-আটক ২

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

একই সময়ে নিহতের পিতা মুহাম্মদ লোকমান এবং নিহতের বন্ধু মানিক ও রাহাত নামের আরও দুই কিশোরকেও পিটিয়ে জখম করা হয়। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাকর আলী তালুকদার বাড়ীর চেইঙ্গার ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিন ওই এলাকার বাসিন্দা মো. লোকমানের ছেলে। এ ঘটনায় জড়িতের সন্দেহে স্থানীয় নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল।

এ সময় প্রতিপক্ষ একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে জোরপূর্বক তাদের নিচে নামিয়ে ব্রিজের উপর বেধড়ক মারধর করে স্থানীয় কয়েকজন।

এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এসময় মাহিনকে বাঁচাতে আসলে তাঁর বাবাকেও পিটিয়ে জখম করে হামলাকারীরা। এ ঘটনারর পর অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

আহতদের পরিবারের অভিযোগ, মানিক ও রাহাত কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরিকল্পিতভাবে চুরির অজুহাতে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তারা তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘আজ ভোরে কয়েকজন কিশোরকে স্থানীয় একটি গ্রুপ ধাওয়া করলে তারা পালিয়ে একটি ভবনে আশ্রয় নেয়।

পরে তাদের ধরে এনে মারধর করা হয়। এতে মাহিন নামের এক কিশোরের মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে।’

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *