Uncategorized

প্রায় ৪ কোটি টাকার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পাচারকালে বিজিবির উপস্থিতি দেখে প্রায় চার কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা।

পরে মালিকবিহীন ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবির সদস্যরা। রবিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, ১৪ জুন রাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী বিওপির নিয়মিত টহল দল বালুখালী বিওপি থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে ও পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং বিআরএম-১৯ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া খাল পাড় এলাকায় টহল দিচ্ছিল।

আনুমানিক রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ২-৩ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে উভয় বিওপির টহল দল।

এ সময় পাচারকারীদের ধাওয়া করলে একজন পাচারকারী মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য দুজন মাদক ভর্তি ব্যাগ নিয়ে ধানক্ষেতের মধ্য দিয়ে দুই দিকে পালিয়ে যায়।

পরে বালুখালীর বিজিবি টহল দল একজনকে ধাওয়া করে এবং পালংখালীর টহল দল অন্যজনকে ধাওয়া করে। কিন্তু একজন পাচারকারীকেও আটক করতে পারেনি।

পরবর্তীতে বালুখালী ও পালংখালী বিওপির ২টি যৌথ টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ২টি নীল রঙের ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়। দুটি ব্যাগের ১৪টি প্যাকেট থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *