Uncategorized

৯ দিন পর মুক্তি পেলেন খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী

খাগড়াছড়িতে অপহরণের ৯ দিন পর বিভিন্ন ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

অপহরণকারীরা জনরোষের মুখে তাদেরকে কয়েক দফায় ছেড়ে দিয়েছে বলে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

তবে কোথায়-কখন তাদেরকে মুক্তি দেয়া হয়েছে, সে সম্পর্কে কোন তথ্য নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতাসহ পাঁচ শিক্ষার্থী অপহৃত হন।

তারা হলেন, চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, একই বিভাগের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো।

এদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।

পিসিপি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অপহরণ ঘটনার জন্য আবারো প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউপিডিএফ’ কে দায়ী করা হয়।

তাছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে অপহৃতদের উদ্ধারে সোচ্চার থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *