উপজেলা

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের রেললাইনে ট্রেনে কাটা পড়ে মারা গেছে ১৮ মাস বয়সী শিশু মো. তাওসিফ আলম ওয়ালিদ।

শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বলে ধারণা স্থানীয়দের।

নিহত তাওসিফ লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের আমতলি এনায়েত পাড়া গ্রামের শাহ আলমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৫ দিন আগে চুনতির নানাবাড়িতে মা’র সঙ্গে বেড়াতে এসেছিল শিশু তাওসিফ।

প্রতিদিনের মতো সেদিনও বাড়ির উঠানে খেলা করছিল সে। একসময় সবার অজান্তেই পাশে থাকা রেললাইনের দিকে চলে যায়। হঠাৎই ছুটে আসে দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস। মুহূর্তেই শেষ হয়ে যায় ছোট্ট তাওসিফের জীবন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি যখন লাইনের পাশ দিয়ে হাঁটছিল, তখন দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে যাচ্ছিল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। হঠাৎই শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য রয়েল শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি বলেন, চুনতির ওই অংশে রেললাইনের কোনো নিরাপত্তাবেষ্টনী নেই।

ফলে প্রায়ই গবাদিপশু বা শিশুরা লাইনের ধারে চলে যায়। তিনি দ্রুত ওই এলাকায় সুরক্ষা দেওয়াল ও সতর্কতা চিহ্ন বসানোর দাবি জানান।

লোহাগাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার দিদারুল ইসলাম বলেন, কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *