Uncategorized

চসিকের ২১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা করল মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

নগরীর থিয়েটার ইন্সটিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে আজ সোমবার (২৩ জুন) দুপুরে প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. মো. শাহাদাত হোসেন।

চসিকের বর্তমান (ষষ্ঠ) পর্ষদের মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বাজেট। তবে ষষ্ঠ পর্ষদের পঞ্চম বাজেট।

নতুন অর্থবছরের বাজেটে অনুদান খাতে ১ হাজার ৯২ কোটি ৫ লাখ টাকার সর্বোচ্চ আয় ধরা হয়েছে। এছাড়া নিজস্ব উৎসে সর্বোচ্চ ১ হাজার ৪৫ কোটি ২১ লাখ টাকা আয় ধরা হয়েছে।

তাছাড়া নতুন অর্থবছরের বাজেটের পাশাপাশি আগের অর্থবছরে চসিকের ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র।

বাজেট অধিবেশনে মেয়র ডা. শাহাদাত বলেন, জুলাই ২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতনের পর আদালত কর্তৃক সুবিচার প্রাপ্য হয়ে চট্টগ্রাম মহানগরীর মেয়র পদে আদিষ্ট হয়ে দায়িত্বপালন করছি।

আজ আমার ১ম বাজেট অধিবেশন। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা ও চট্টগ্রাম মহানগরকে পরিবেশগত ক্লিন-গ্রিন, হেলদি ও সেফ সিটি, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক পর্যটন নগর প্রতিষ্ঠার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করছি।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৬ নম্বর ধারায় বলা আছে– ‘কর্পোরেশনের মেয়াদ হবে কর্পোরেশন গঠিত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর’।

এদিকে চসিকের বর্তমান (ষষ্ঠ) পরিষদের প্রথম সভা হয়েছে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। ওই হিসেবে এ পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি। যদি মেয়রের মেয়াদ না বাড়ে তাহলে আজ ঘোষিত বাজেটই হবে ডা. শাহাদাত এর প্রথম ও শেষ বাজেট।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *