চট্টগ্রাম

চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমে ৭২.০৭ শতাংশ,বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবারের পাসের হার কমে ৭২ দশমিক ০৭ শতাংশ। গত বছর একই বোর্ডে পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।

তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় গতবারের তুলনায় অনেক ভাল ফলাফল করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীরা।

এ শিক্ষাবোর্ড থেকে এবার ১১ হাজার ৮শ ৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ১০ হাজার ৮শ ২৩ জন।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।

সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম নগরে পাসের হার ৮১ দশমিক শূন্য ৩ শতাংশ। আর নগর বাদে জেলায় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ।

তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৫৬ দশমিক ৫৫ শতাংশ, খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ ও বান্দরবানে ৬৩ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে কক্সবাজার জেলায় পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।

বিভাগ হিসেবে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৫৫ দশমিক শূন্য ২ শতাংশ।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *