পার্বত্য চট্টগ্রাম

পাহাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ নারীর মৃত্যু

বান্দরবানের চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মা ও মেয়েসহ একই পরিবারের তিন ম্রো নারী।

আজ সোমবার ভোররাতে রাংলাই হেডম্যান পাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১), তার মেয়ে তুমলে ম্রো (১৭) এবং মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)। তাঁরা সবাই রাংলাই হেডম্যান পাড়ার বাসিন্দা।

পাহাড়ি পাড়াটির স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়।

এর ফলে বিভিন্ন ঘরের বৈদ্যুতিক সংযোগে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের সুইচ বন্ধ করার চেষ্টা করতে গিয়ে ওই তিন নারী বিদ্যুৎস্পৃষ্ট হন।

১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো ঘটনার বিষয়ে বলেন, “আমরা শুনেছি, ট্রান্সফরমার বিস্ফোরণের পর সেখানকার তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন।”

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সাংবাদিকদের জানান, “ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে তিনজন ম্রো নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

তাঁদের মধ্যে একজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি দুজনের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি পুরো এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়নি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *