জাতীয়

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ‘অন অ্যারাইভাল ভিসা’ চূড়ান্ত পর্যায়ে!

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ‘অন অ্যারাইভাল’ (বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা) ভিসা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘দুই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা–সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি এখন ঢাকা সফর করছেন। গতকাল বুধবার তিনি সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান।

সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ‘অন অ্যারাইভাল’ ভিসা চালু নিয়ে আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণের প্রক্রিয়া চলমান। সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। দূতাবাসের ভবন নির্মাণকাজ শেষ হলে সেখানে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, সাইবার অপরাধ দমন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার।

দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে।’’ এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *