উপজেলা

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টিকটক ভিডিও: ১২ তরুণ আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ তরুণকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মো. জাহেদ (১৮), সাইফুল, বিজয়, আকাশ, আরফাত, মিনহাজ, ফোরকান, ইকবাল, আকিব, আদর এবং তাৎক্ষণিকভাবে নামপরিচয় না জানা আরো দুই তরুণ। তাদের বেশিরভাগের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।

এদের বাড়ি চরপাথরঘাটা ৬ নম্বর ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোররা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল।

এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *