পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে রুমায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

বান্দরবানের রুমা উপজেলার পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত পাঁচ বন্ধুর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পাইন্দু ইউনিয়নের আলেচু পাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (৩০), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)। অন্য দুই অভিযুক্ত হলেন চহাই মার্মা (২০) ও ক্যওয়াংসাই মার্মা (২০)।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাইন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলেচু পাড়ার পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে গত এক মাস ধরে ওই পাড়ার পাঁচ যুবক ভয়-ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করে আসছিলেন।

প্রথমে এক বন্ধু ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে বিষয়টি অন্যদের জানান। পরে ওই পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করতে থাকেন। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সে তার পরিবারকে জানায়।

মঙ্গলবার ঘটনাটি নিয়ে ওই পাড়ায় সামাজিক বিচার বসলে সেখানে পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা গংবাসে মারমা অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল করিম জানান, বিষয়টি নজরে আসার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *