বিশ্ব

শতাধিক ভোগ্যপণ্যে কর হ্রাসের ঘোষণা ভারতের

অর্থনৈতিক চাপ কাটিয়ে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে শতাধিক ভোগ্যপণ্যে কর হ্রাসের ঘোষণা দিয়েছে ভারত। সাবান, টুথপেস্ট, শ্যাম্পু থেকে শুরু করে ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের বহু পণ্যের ওপর কর কমানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির কারণে সংকটে পড়া ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্র ও রাজ্যগুলোর মন্ত্রীদের নিয়ে গঠিত পণ্য ও পরিষেবা কর (জিএসটি) কাউন্সিল দীর্ঘদিনের সমালোচনার মুখে থাকা জটিল কর কাঠামো সহজীকরণের সিদ্ধান্ত নিয়েছে। চার স্তরের পরিবর্তে এবার জিএসটি নামিয়ে আনা হয়েছে দুই স্তরে।

তার ঘোষণায় বলা হয়, টুথপেস্ট ও শ্যাম্পুর ওপর কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনের ওপর কর ২৮ শতাংশ থেকে নামিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

এছাড়া সব ধরনের ব্যক্তিগত জীবনবীমা ও স্বাস্থ্যবীমা সেবার ওপর থেকে পুরোপুরি জিএসটি তুলে দেওয়া হয়েছে।

এ পরিবর্তনের ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় ৪৮০ বিলিয়ন রুপি। তবে এটি কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।

ভারতের স্টেট ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ বলেছেন, কর কাঠামো সহজ করার ফলে ভোগব্যয় বাড়বে এবং এতে যে রাজস্ব ঘাটতি তৈরি হবে তার বড় অংশই পূরণ হয়ে যাবে।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দুস্তান ইউনিলিভার ও গোদরেজ ইন্ডাস্ট্রিজের মতো এফএমসিজি কোম্পানি। পাশাপাশি স্যামসাং, এলজি, সোনির মতো ইলেকট্রনিকস নির্মাতা এবং মারুতি, টয়োটা ও সুজুকির মতো গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও লাভবান হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ নীতির আওতায় এই কর হ্রাস বাস্তবায়ন করা হচ্ছে। গত মাসেই তিনি ঘোষণা দিয়েছিলেন, অক্টোবরের মধ্যে জিএসটি কাঠামো সংস্কার করা হবে।

মোদী বলেছেন, ‘এই ব্যাপক সংস্কার আমাদের নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ করবে। বিশেষ করে ছোট ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের জন্য ব্যবসা করার পরিবেশ অনেক বেশি অনুকূল হবে।’ সূত্র: রয়টার্স

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *