বিনোদন

পাকিস্তানি মডেল-অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুরহস্যে নতুন মোড়

আরও ঘনীভূত রহস্যে ঢেকে যাচ্ছে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু। দীর্ঘদিন অস্বাভাবিক মৃত্যু হিসেবে তদন্ত চললেও এবার আদালতের নির্দেশে মামলার পথে হাঁটছে পুলিশ।

করাচির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (দক্ষিণ) পুলিশকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় মামলা রুজুর নির্দেশ দিয়েছেন।

অ্যাডভোকেট শাহজাইব সোহেল আদালতে পিটিশন দায়ের করে দাবি করেছিলেন- হুমাইরার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যা। আদালত সেই যুক্তিই গুরুত্ব দিয়ে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে।

৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ভবনের চতুর্থ তলা থেকে উদ্ধার হয় হুমাইরার মরদেহ। সেদিন পুলিশ এটিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ বলে প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছিলো। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন সব তথ্য সামনে আসতে থাকে।

পিটিশনে বলা হয়, মৃত্যুর পরও হুমাইরার ফোন মাসের পর মাস সচল ছিলো। পরিচিত এক মেকআপ আর্টিস্টের একাধিক কল তিনি ধরেননি; পরে হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি হঠাৎ সরিয়ে ফেলা হয়।

এ বিষয়টি নিয়েই সন্দেহ আরও গভীর হয়েছে। তাই পিটিশনে ওই মেকআপ আর্টিস্ট, হুমাইরার ভাইসহ কয়েকজনকে তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আগের এক শুনানিতে তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানিয়েছিলেন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় তারা। তবে নতুন নির্দেশে এবার পরিবারের সদস্যদের জবানবন্দি নেওয়া থেকে শুরু করে পূর্ণাঙ্গ মামলা করার পথ খুলে গেলো।

শোবিজ মহল বলছে, ‘হুমাইরার মৃত্যু রহস্যের পর্দা এবার হয়তো সরে যাবে।’ ভক্তদের প্রত্যাশা, দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে প্রকৃত সত্য সামনে আনবে পুলিশ।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *