অর্থনীতি

কন্টেইনার জট কমাতে চট্টগ্রাম বন্দরে স্টোররেন্ট একমাস স্থগিত

বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে নতুন এক সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

সিদ্ধান্ত অনুয়ায়ী আমদানি করা এফসিএল (ফুল কনটেইনার লোড) কনটেইনারের ওপর চলমান চারগুণ স্টোররেন্ট এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার চবকের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম বন্দর এবং ঢাকার কমলাপুর আইসিডিতে প্রযোজ্য, পানগাঁও আইসিটিতে চলতি বছরের ১০ মার্চ চারগুণ হারে স্টোররেন্ট আরোপ করা হয়।

তবে নিরবচ্ছিন্ন সেবাদান ও বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এফসিএল কন্টেইনারের ওপর চলমান চারগুণ স্টোররেন্ট স্থগিত করা হয়েছে। তবে খালি কন্টেইনারের ক্ষেত্রে এ স্থগিতাদেশ কার্যকর হবে না।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিজিএমইএ) বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে বন্দর কর্তৃপক্ষ এই স্থগিতাদেশ দিয়েছে।

চবক আমদানিকারকদের দ্রুত তাদের কন্টেইনার ডেলিভারি নেওয়ার আহ্বান জানিয়েছে, যেন বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে।

বিজিএমইএর প্রথম সহসভাপতি ও কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান বলেন, আমরা স্টোররেন্ট আলোচনার মাধ্যমে বাড়ানোর পক্ষে। কয়েকটি মিটিংও হয়েছিল। গার্মেন্টস মালিক যদি সচেতন থাকেন, তাহলে কনটেইনার ফেলে রাখবে না। বন্দর তাদের জট নিরসনে এ আদেশ দিয়েছিল।

তবে এক মাসের জন্য যে তারা বাড়তি স্টোররেন্টে স্থগিতাদেশ দিয়েছে, আমরা সেটিকে স্বাগত জানাই।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *